রাস্তার দুরবস্থা, বিদ্যুৎ সমস্যা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা
ফজলে রাব্বি নাফিজঃ লালমোহন উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। এতে উপস্থিত ছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় লালমোহন অঞ্চলের বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে আলোচনায় উঠে আসে রাস্তাঘাটের বেহাল দশা, খালের পার ভাঙন, বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং, খাল খননে অনিয়ম, মাদকের বিস্তার, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন রোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ ইত্যাদি।
এছাড়া লালমোহন-মহাসড়কে অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচলের ফলে যানজট ও সড়ক দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মো. সোহেল আজিজ শাহিন, লালমোহন পৌর বিএনপির আহ্বায়ক সাদেক মিয়া ঝান্টু, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ফরহাদ রেজা, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি নাফিজ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
সভা শেষে ইউএনও শাহ আজিজ বলেন, “সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা দেওয়া হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে।”